পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) কেন্দ্রীয় কমিটি নির্বাচন-২০২৬-এ কোষাধ্যক্ষ পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার কৃতী সন্তান উজ্জ্বল মিয়া।
গত ৪ নভেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে কোষাধ্যক্ষ পদে উজ্জ্বল মিয়া সর্বোচ্চ ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার ফাহিম শেখ পেয়েছেন ৭৫২ ভোট। ফলে ১৩৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন উজ্জ্বল মিয়া। এ পদে অপর প্রার্থী চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার মো. হাসিবুর রহমান মিশকাত পেয়েছেন ২৯৬ ভোট।
নির্বাচনী প্রচারণায় উজ্জ্বল মিয়া সংগঠনের তহবিলের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে তহবিল বণ্টন এবং ‘জিরো অ্যাডমিন-কস্ট’ নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তাঁর নির্বাচনী ইশতেহারে আর্থিক জবাবদিহি, স্বচ্ছতা ও সদস্যদের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব প্রতিশ্রুতি দেশের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় উজ্জ্বল মিয়া বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি সারাদেশের সব ভিডিএফ সদস্যের বিজয়। যারা আমার ওপর আস্থা রেখে পবিত্র আমানত হিসেবে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ করে আমার ময়মনসিংহ বিভাগসহ সারাদেশের যেসব লিডার দিনরাত পরিশ্রম করেছেন, তাঁদের এই ঋণ শোধ করার মতো নয়। আমি কথা দিচ্ছি, আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তহবিলের শতভাগ স্বচ্ছতা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।”
উজ্জ্বল মিয়ার এ বিজয়ে পূর্বধলার স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পালনের মাধ্যমে উজ্জ্বল মিয়া সংগঠনের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি ভিডিএফের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।