পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে মো. জামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) পূর্বধলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার ভিকুনিয়া গ্রামের বাসিন্দা জামাল মিয়াকে আটক করা হয়। তিনি মৃত শহীদ আলী ও আনোয়ারা বেগমের ছেলে। থানা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, আটকের সময় তার কাছ থেকে এক পুরিয়া মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: পূর্বধলা থানা, নেত্রকোনা।