দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—প্রতিপাদ্যে র্যালি, আলোচনা সভা, সনদ ও গাছের চারা বিতরণ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, সংগঠনের নিবন্ধন সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
এ সময় আরও বক্তব্য দেন রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আব্রাহাম লিংকন এবং গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান।
আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় স্বাবলম্বী হওয়া দুই সফল উদ্যোক্তা জেসমিন বেগম ও তন্ময় তাঁদের সংগ্রাম, সাফল্য এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। কারিগরি শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণ এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যথাযথ সুযোগ ও দিকনির্দেশনা পেলে পূর্বধলার তরুণ-তরুণীরাও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। একই সঙ্গে একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে আনুষ্ঠানিক নিবন্ধন সনদ প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সফল উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।