পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামে এক যুবককে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার যাত্রাবাড়ী বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক মো. নুরুজ্জামান উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ভটপুর গ্রামের বাসিন্দা। তিনি আবুল কালাজমের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।