তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৯ নম্বর কামারগাঁও ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থিতার কথা জানিয়ে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন মালয়েশিয়া প্রবাসী ও সমাজসেবক নুরুল আমিন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে আয়োজিত এ শোভাযাত্রায় স্থানীয় তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উলামাকান্দি বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় তিন শতাধিক মোটরসাইকেলে পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রাকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে আয়োজিত পথসভায় বক্তব্য দেন কামারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোমেন কবির জুয়েল ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ সময় বিএনপি নেতা হুমায়ুন কবির, দুলাল সরকার, লিটন সরকার, রফিক মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা জানান, নুরুল আমিন কামারগাঁও ইউনিয়নের উলামাকান্দি গ্রামের মরহুম হাজী আমজাদ হোসেনের সন্তান। তাঁর বাবা ২০০৩ সালে বিএনপির মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।
বক্তারা আরও বলেন, মালয়েশিয়ায় অবস্থান করলেও নুরুল আমিন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা, খেলাধুলার প্রসার এবং স্থানীয় রাস্তাঘাটের উন্নয়নে তাঁর ভূমিকার কথাও তাঁরা তুলে ধরেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, প্রবাসে থেকেও এলাকার মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ তাঁর সামাজিক সম্পৃক্ততার পরিচয় বহন করে।
পথসভায় বক্তারা কামারগাঁও ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এসব ক্ষেত্রে নুরুল আমিন ভূমিকা রাখবেন বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা জানান, তাঁরা নুরুল আমিনের প্রার্থিতাকে ঘিরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
কামারগাঁও ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ শোভাযাত্রার মধ্য দিয়ে নুরুল আমিনের প্রার্থিতার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তাঁর প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।