তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার - bhorershomoyonline.com.bd তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার


মো. আল-মাহফুজ শাওন, খুলনা

আসন্ন ৫ নম্বর তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টো ভোটারদের সামনে ১৫ দফা উন্নয়নমূলক অঙ্গীকার তুলে ধরেছেন। প্রচারপত্রে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গোলাম মোস্তফা ভুট্টোর ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এবং ওয়ারিশনামা দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদান। পাশাপাশি বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা ও বৃত্তির ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কথাও উল্লেখ করেছেন তিনি।

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ইভটিজিং, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছেন গোলাম মোস্তফা ভুট্টো। দরিদ্র পরিবারের কন্যাদায়গ্রস্ত বাবা-মায়ের পাশে দাঁড়ানো এবং বিয়ের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

যোগাযোগব্যবস্থার উন্নয়নে গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সোলার স্ট্রিট লাইট স্থাপন, কাঁচা রাস্তা পাকাকরণ, ভাঙা রাস্তা ও সেতু সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি।

এ ছাড়া দুর্যোগ ও বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি ত্রাণ সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন চেয়ারম্যান প্রার্থী।

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা, কর প্রদানের সুবিধা সহজ করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করা এবং যুবসমাজ ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার কথাও তার ১৫ দফা অঙ্গীকারে রয়েছে। একই সঙ্গে পরিবেশদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রচারপত্রে গোলাম মোস্তফা ভুট্টো বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে তেরখাদা ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর, জনবান্ধব এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।