জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের উদ্যোগে প্রথম উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর নির্মাণকাজ শুরু হয়েছে।
শিক্ষার্থী, শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, লাইব্রেরিটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার কথা রয়েছে। পাশাপাশি পাঠাভ্যাস বাড়াতে বইপড়া উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টদের আশা, ‘লাইসিয়াম’ বোয়ালখালীতে জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে এবং নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করবে।