পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শামছুল হক মন্ডল। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপন ও মন্দিরের কার্যক্রমে অনুদান প্রদান করেন।
বুধবার (২০ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে দলীয় নেতাকর্মীদের নিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
মোহাম্মদ শামছুল হক মন্ডল ৪ নম্বর জারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
শামছুল হক মন্ডল বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জারিয়া ইউনিয়নের চারটি পূজামণ্ডপে দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাস করে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সহযোগিতা করা হচ্ছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদারের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা খোঁজখবর রাখছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে জারিয়া ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শামছুল হক মন্ডল জানান, জারিয়া ইউনিয়নের বিভিন্ন মন্দিরে পূজা উদ্যাপন ও সংস্কারকাজে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। পূজামণ্ডপগুলোতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আয়োজকদের পাশে থাকার চেষ্টা করছেন তাঁরা।
পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।