মো. আল-মাহফুজ শাওন, খুলনা: খুলনায় ভ্যান চুরি হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে বিপাকে পড়া শিশু সাকিবের পাশে দাঁড়িয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ ইস্তি। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সাকিবকে নতুন একটি ভ্যান উপহার দেন তিনি।
গত ১ অক্টোবর খুলনার বয়রা এলাকা থেকে সাকিবের ভ্যানটি চুরি হয়ে যায়। ভ্যানটি ছিল পরিবারের আয়ের অন্যতম প্রধান অবলম্বন। এটি হারিয়ে সংসারের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে পরিবারটি।
বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সাকিবের পাশে দাঁড়ান স্বেচ্ছাসেবক দল নেতা ইশতিয়াক আহমেদ ইস্তি। তাঁর উদ্যোগে সাকিবের হাতে নতুন একটি ভ্যান তুলে দেওয়া হয়।
নতুন ভ্যান পেয়ে আবারও জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হয়েছে সাকিবের। হারিয়ে যাওয়া উপার্জনের অবলম্বন ফিরে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারটির মধ্যে।
অসহায় একটি পরিবারের সংকটের সময় পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয় মানবিক সহায়তার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোরের সময় অনলাইন