পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় পূর্বধলা পাটবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, যানজট নিরসন এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় নবগঠিত কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাজারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল এবং পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা।
সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল গফুর। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহামেদ বাবু।
সভায় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তাঁরা বাজারের ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, যানজট নিরসন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, রাতের পাহারা জোরদার এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া যানজট কমাতে নির্ধারিত স্ট্যান্ড স্থাপন ও কাঁচাবাজার স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবু তাহের তালুকদার বলেন, নবগঠিত কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাজারের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার ও নিয়মিত পাহারার ব্যবস্থা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে উপজেলা প্রশাসন। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
তিনি বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানজট নিরসনে স্ট্যান্ড স্থাপন এবং কাঁচাবাজার স্থানান্তরসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বাজারের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বাজারের পরিবেশ ও ব্যবসাবান্ধব কার্যক্রম আরও উন্নত হবে।
সভায় পূর্বধলা বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।