আব্দুল আজিজ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়াম কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও জাতি গঠনে শিক্ষকদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বক্তারা শিক্ষকদের মর্যাদা, পেশাগত দায়িত্ব ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।