মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনায় এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে খুলনার খানজাহান আলী থানার মহেশ্বরপাশা এলাকা ও ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকাশ (২২) ও সাকিব (২১)। আকাশ ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে। সাকিব দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। মামলায় তাঁরা যথাক্রমে ৩ ও ৪ নম্বর আসামি।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাজমীর ইসলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসের পকেট গেটসংলগ্ন তন্বী স্টোর নামের একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে যাওয়ার অভিযোগ ওঠে।
পরবর্তী সময়ে দুই সাক্ষী তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর সাজমীর ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা শাহানারা বেগম খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়।