পুলিশ ও এসআরবি-৫-এর যৌথ অভিযান, নাশকতার আশঙ্কা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি লেবুবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর যৌথ আভিযানিক দল। রোববার (১১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মণ্ডলের টোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালায়। মহারাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি মণ্ডলের টোলা এলাকার একটি লেবুবাগানে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
অভিযানে এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সহযোগিতা করে। উদ্ধার করা ককটেলগুলো জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো ওই স্থানে মজুত করে রাখতে পারে। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কখন এসব বিস্ফোরক সেখানে রেখেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।