পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জান-মাল দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে পূর্বধলা উপজেলা সদরের জামতলা বাজারে যুবদলের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদল এ সভার আয়োজন করে। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার।
সভাপতির বক্তব্যে এনামুল হক হলুদ বলেন, “যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আমি সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। কর্মসূচি সফল করতে যা যা প্রয়োজন, তা আমাকে জানাবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে আমি জান-মাল দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”
সভায় বক্তব্য দেন উপজেলা তরুণ দলের সাবেক সভাপতি আব্দুল হান্নান শহিদ, খলিশাউড় ইউনিয়ন যুবদলের সভাপতি মতিউর রহমান, বৈরাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল, আগিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোলম খান, হোগলা ইউনিয়ন বিএনপির সদস্য ও গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন ফকির এবং উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক কাজী আশিকুর রহমান আশিকসহ অন্য নেতারা। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৮ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন নেতৃত্ব তৈরি এবং তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করায় যুবদলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানান এনামুল হক হলুদ।
তিনি আরও বলেন, “আগামী ২৮ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উদ্যাপন করতে চাই। আগামী দিনে পূর্বধলা উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাব।”
এ ছাড়া সভায় প্রয়াত সাবেক সংসদ সদস্য আলহাজ ডা. মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমেদসহ প্রয়াত বিএনপি নেতাদের স্মরণ করা হয়।