পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যালয়ের একটি আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড চুরি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দলের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে চোরেরা কার্যালয়ের পেছনের দিকের একটি জানালার গ্রিল ও সামনের বারান্দার একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় দরজার হ্যাজবলও কেটে ফেলা হয়। পরে কার্যালয়ের একটি আলমারি থেকে নগদ টাকা ও ক্রেডিট কার্ড নিয়ে যায় দুর্বৃত্তরা।
কার্যালয়ের নৈশপ্রহরী জুয়েল মিয়া জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি কার্যালয়ের দোতলায় ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি বুঝতে পারেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, চুরির ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করেছে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল। তারা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, কার্যালয়ের একটি আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড খোয়া গেছে। তবে প্রাথমিকভাবে কোনো সরকারি কাগজপত্র খোয়া যাওয়ার তথ্য পাওয়া যায়নি।
কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি আগে থেকেই অচল থাকায় চুরির ঘটনার কোনো ফুটেজ পাওয়া যায়নি। ফলে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের পাশাপাশি সংগৃহীত আলামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।