মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি দল। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তি মোড়, রামকৃষ্টপুর ও আশপাশের এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
অভিযানে ৮ নম্বর দলের সদস্যরা অংশ নেন। এ সময় রামকৃষ্টপুর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। এ সময় বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর দলের টিম লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। অভিযানে স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যসহ পৌরসভার অন্যান্য কর্মচারী সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
ভোরের সময় অনলাইন