পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আওতাধীন পূর্বধলা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পূর্বধলা প্রেসক্লাবে অনুষ্ঠিত শুরা অধিবেশন ও উপজেলা সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
জনাব শামীম হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আমিনুল হক লিমনের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারি মুফতি ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন মিসবাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুল্লাহ আল মামুন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সংগঠনটির সহযোগী সংগঠনগুলোর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২৭–২৮ সেশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে জনাব শামীম হোসেন মাস্টার, সিনিয়র সহসভাপতি হিসেবে মুফতি নোমান সিরাজী, সেক্রেটারি হিসেবে হাফেজ মাওলানা আমিনুল হক লিমন এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের নীতি ও আদর্শ অনুসরণ করে পূর্বধলা উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে আত্মনিয়োগের প্রতিশ্রুতি দেন তাঁরা।


