মোঃ মোরসালিন, নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও সাদাছড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার ১২১ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সমাজসেবক আব্দুর রহমান বাবুল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় গৌরীপুর পৌর শহরের স্টেশন এলাকায় জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ইমতিয়াজ হোসেন ইকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল। এ ছাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচলে সাদাছড়ির গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে তাঁদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আব্দুর রহমান বাবুল উপজেলার ১২১ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের প্রতি সামাজিক দায়িত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।