মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। জুমার নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে জামে মসজিদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ শেষে মসজিদে আগত মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় সচেতন নাগরিকরা মাদকের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করেন। একই সঙ্গে এলাকার যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় মাদক ব্যবসা ও মাদকের বিস্তার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেও মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।