দেশ ও জনগণের পাশে থাকার অঙ্গীকার, পুলিশ সদস্যদের নিরাপত্তায় একাত্মতা
মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
জাতীয় যুবশক্তি খুলনা মহানগরের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে সরদার তুহিনুজ্জামান সোহাগ, সদস্য সচিব হিসেবে মোহাম্মদ হেলাল খন্দকার এবং মুখ্য সংগঠক হিসেবে আলিফ আফিফ অন্তিক দায়িত্ব পেয়েছেন।
সভায় নবগঠিত কমিটির নেতাকর্মীরা দেশ ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন তাঁরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব তুলে ধরেন। একই সঙ্গে চাহিদা অনুযায়ী এসব সেবার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
সভায় খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নেতাকর্মীরা জনগণের স্বার্থে কাজ করা এবং দেশের চলমান সংকট মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।