পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় লেখক ও গবেষক আব্দুল মান্নান আলালের লেখা ও সংকলিত ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণবীজ প্রকাশনী, ময়মনসিংহের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুধাংশু শেখর তালুকদার, মো. আলতাব হোসেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসারী বেগম পান্না, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রতন খান এবং পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাজু আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, কবি ও সাংবাদিকেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বই মানুষের মনের দরজা খুলে দেয়, আলো জ্বালে অন্তরে।’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ভাটি অঞ্চলের বাউল সাধকদের জীবন ও দর্শন নিয়ে রচিত ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাউল ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, বাংলার লোকজ সংস্কৃতি ও বাউল সাধকদের জীবনদর্শন সংরক্ষণে এ ধরনের গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রন্থটি পাঠকদের ভাটি অঞ্চলের বাউল ঐতিহ্য সম্পর্কে জানতে সহায়তা করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।