পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘তারাকান্দা দক্ষিণপাড়া যুব সংগঠন’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে আনন্দঘন পরিবেশে ফিতা কেটে ও কেক কেটে সংগঠনটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উদ্বোধন শেষে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হেলিম ও আবদুল্লাহ আল হেলালী প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সংগঠনের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসতিয়াক আহমেদ বাবু বলেন, তারাকান্দা দক্ষিণপাড়া যুব সংগঠন এলাকার উন্নয়ন এবং যুবসমাজকে অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুবসমাজের মানোন্নয়ন, খেলাধুলার প্রসার, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সংগঠনটির সামাজিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে। পাশাপাশি সংগঠনের যেকোনো সৎ, কল্যাণকর ও সমাজসেবামূলক উদ্যোগে ভবিষ্যতেও সহযোগিতা করার এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি ‘তারাকান্দা দক্ষিণপাড়া যুব সংগঠন’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার যুবসমাজের সার্বিক উন্নয়ন, খেলাধুলার প্রসার, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।