পূর্বধলায় ঋণ পরিশোধের চাপ ও আর্থিক সংকটের কারণে আত্মহত্যা বলে পরিবারের ধারণা - bhorershomoyonline.com.bd পূর্বধলায় ঋণ পরিশোধের চাপ ও আর্থিক সংকটের কারণে আত্মহত্যা বলে পরিবারের ধারণা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলায় ঋণ পরিশোধের চাপ ও আর্থিক সংকটের কারণে আত্মহত্যা বলে পরিবারের ধারণা


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কীটনাশক পান করে জাহিদুল খান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তার পরিবার।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ওই এলাকার মো. হুমায়ূন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করেন জাহিদুল। পরে তিনি বাড়ির পেছনে ধানক্ষেতের আইলে গিয়ে ছটফট করতে থাকেন। এ সময় প্রতিবেশী জামেলা খাতুন তাকে দেখতে পেয়ে চিৎকার করে স্থানীয়দের বিষয়টি জানান।

পরে স্বজন ও স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জাহিদুল দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো কাজ করতেন না। তিনি স্থানীয় ব্যক্তি ও একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা পরিশোধ নিয়ে তিনি কিছুদিন ধরে চাপে ছিলেন বলে পরিবারের সদস্যদের দাবি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি পুনরায় স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেন। তবে ঋণ না পেয়ে বাড়িতে ফিরে আসেন। ধার করা টাকা সময়মতো পরিশোধ করতে না পারার বিষয়টি নিয়ে মানসিক চাপে থেকেই তিনি কীটনাশক পান করেছেন বলে পরিবারের ধারণা।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে মরদেহ পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের সময় অনলাইন—সত্য ও নির্ভরযোগ্য সংবাদে আপনার পাশে।