মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে হুজরাপুর উৎসব ক্লাব।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় হুজরাপুর জোড়া মঠ, কাজীপাড়া ও পাঠানপাড়াসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু হয়। ক্লাবের তরুণ সদস্যরা এলাকার বিভিন্ন অলিগলি, ড্রেন ও জনসমাগমপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থলে ব্লিচিং পাউডার ছিটানো এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
এ সময় এলাকাবাসীকে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন আমিরুল, পিন্টু, মামুন, আশিফ, শাওন, ধলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
হুজরাপুর উৎসব ক্লাবের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে তাঁদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এদিকে, এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে এমন উদ্যোগ গ্রহণ করায় হুজরাপুর উৎসব ক্লাবের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সত্য প্রকাশে ভোরের সময় অনলাইন