পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি অনুদান দেন।
সোমবার (১৯ অক্টোবর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আবু তাহের তালুকদার বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মনিটরিং টিম গঠন করা হয়েছে। উপজেলার ৬৬টি পূজামণ্ডপে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্যাপনে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাকর্মী ও অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “হিন্দু-মুসলিম আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম সুন্দরভাবে উদ্যাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে দুর্গাপূজা উদ্যাপনে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। পূর্বধলা উপজেলায়ও নির্বিঘ্নে, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদ্যাপনে উপজেলা বিএনপি পাশে থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।