মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতীয় তৈরি মদসহ শ্রীবাস চন্দ্র দাস (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বেগমগঞ্জ থানার সেতুভাঙ্গা দোকানঘর এলাকায় ফেনী-চৌমুহনী পাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই এলাকায় স্থাপিত চেকপোস্টে ঢাকা মেট্রো-ব-১১-৫৫৬১ নম্বরের ‘সুগন্ধা কিং’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী শ্রীবাস চন্দ্র দাসের দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা একটি কালো স্কুলব্যাগ থেকে ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকের মধ্যে ‘MCDOWELL'S’ ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটারের একটি বোতল এবং ‘MAGIC MOMENTS’ ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটারের একটি বোতল রয়েছে। এ ছাড়া তার কাছ থেকে একটি Redmi স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শ্রীবাস চন্দ্র দাস ফেনীর দাগনভূঞা থানার রাজাপুর ইউনিয়নের সাপুয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম কমল কৃষ্ণ দাস এবং মায়ের নাম রাণী বালা দাস।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক) ক্রমিক অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম বাদী হয়ে শ্রীবাস চন্দ্র দাসের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।