ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমনের পাশে মানবিক মানুষ অধীর বড়ুয়া - bhorershomoyonline.com.bd ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমনের পাশে মানবিক মানুষ অধীর বড়ুয়া

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমনের পাশে মানবিক মানুষ অধীর বড়ুয়া


বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ২৫ বছর বয়সী ঈমন ইসলাম বাঁচতে চান। দুই শিশু কন্যা ও স্ত্রীকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। তবে চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটছে তার পরিবারের।

ঈমন ইসলামের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠাতা উদ্যোক্তা, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া। গত ৬ অক্টোবর বিকেল ৫টার দিকে তিনি বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী জঙ্গা তালুকদার বাড়ির আরাকান সড়কের দক্ষিণ পাশে খালপাড়ের অস্থায়ী বসতঘরে গিয়ে ঈমন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

এ সময় ঈমনের মা রোকেয়া বেগম, স্ত্রী টিসা আক্তার এবং পরিবারের সদস্যরা তার অসুস্থতা, চিকিৎসার ব্যয় ও পরিবারের আর্থিক সংকটের কথা তুলে ধরেন। ছেলেকে সুস্থ করে তুলতে মায়ের আকুতি এবং স্বামীকে বাঁচাতে স্ত্রীর আর্তনাদে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরিবার সূত্রে জানা যায়, ঈমনের স্ত্রী টিসা আক্তার একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করেন। তাদের পাঁচ বছর বয়সী মেয়ে সিদদ্রাতুল মুনতাহা এবং চার মাস বয়সী আরেক কন্যা উম্মে হাবিবা মমি রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ঈমনের বাবা মোহাম্মদ আবদুল মান্নান একজন সিএনজি অটোরিকশাচালক। চার ভাই-বোনের মধ্যে ঈমন একমাত্র ছেলে; তার এক বোন বিবাহিত।

পরিবারের সদস্যরা জানান, ঈমন নানা ধরনের কাজে দক্ষ ছিলেন। কিন্তু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার স্বাভাবিক জীবন থমকে গেছে। ব্যয়বহুল চিকিৎসার কারণে পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। ঈমনের চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের সহযোগিতা প্রয়োজন।

পরিবারের দুরবস্থার কথা শুনে অধীর বড়ুয়া ঈমন ইসলামের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। একই সঙ্গে তিনি সমাজের সামর্থ্যবান ও মানবিক ব্যক্তিদের প্রতি ঈমনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, অসুস্থ ঈমনের চিকিৎসার জন্য সমাজের সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। সম্মিলিত সহযোগিতায় একজন অসহায় মানুষ সুস্থ হয়ে তার পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন—এটাই মানবিক দায়িত্ব।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য তাজুল ইসলাম মানিক।