মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা আলামতের আনুমানিক সিজার মূল্য ৮১ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রামে এ অভিযান চালানো হয়। ওই গ্রামের মুক্তার বিশ্বাসের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্কাফ সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোনসহ টুটুল (২৬) ও ছবি বেগম (৪২) নামের দুজনকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটক দুজন গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।