মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, গানপাউডার সদৃশ ১১ দশমিক ৮ কেজি সাদা পাউডার, বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম ও দুটি হাসুয়া উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫ মিনিটে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, আমবাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ককটেল, গানপাউডার সদৃশ পাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তবে ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অভিযানসংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব আলামত সেখানে মজুত করে রাখতে পারে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সংস্থাটি কাজ করে যাচ্ছে।