মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ১০টি মশক নিধন মেশিন, ৫টি গারবেজ ট্রাক ও প্রয়োজনীয় জনবল বরাদ্দের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে একটি আবেদনপত্র জমা দেন তিনি। আবেদনে পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সরঞ্জাম, যানবাহন ও জনবল বরাদ্দের দাবি জানানো হয়।
সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল আবেদনে উল্লেখ করেন, পর্যাপ্ত যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পৌরসভার নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ এবং মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ কঠিন হয়ে পড়ছে।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা জরুরি। একই সঙ্গে ড্রেন, নালা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং বর্জ্য নিয়মিত পরিষ্কার করতে হবে। এ জন্য পর্যাপ্ত মশক নিধন মেশিন, গারবেজ ট্রাক ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা প্রয়োজন।
এমপি বুলবুল আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক কার্যক্রম যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশক নিধন এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পৌর কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জরুরি ভিত্তিতে ১০টি মশক নিধন মেশিন, ৫টি গারবেজ ট্রাক ও প্রয়োজনীয় জনবল বরাদ্দের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
প্রস্তাবিত বরাদ্দ পাওয়া গেলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।