মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অতিরিক্ত দামে সার বিক্রি, লাইসেন্স ছাড়া সার ও বীজ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াপাড়া ও ক্লাবের হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে বেড়াপাড়ার খুচরা সার বিক্রেতা মো. মজিবুর রহমানকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই ইউনিয়নের ক্লাবের হাট এলাকায় লাইসেন্স ছাড়া সার ও বীজ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে অপর এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুল হক মাহমুদ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান জানান, অনিয়মের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার ও কৃষি উপকরণের সুষ্ঠু বাজারব্যবস্থা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার ও বীজের বাজারে অনিয়ম রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার মতো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
কৃষি উপকরণের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
ভোরের সময় অনলাইন