সদর, বারহাট্টা ও পূর্বধলার মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজাররা অংশ নিয়েছেন
শনিবার (১০ অক্টোবর) নেত্রকোনা জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে নেত্রকোনা সদর, বারহাট্টা ও পূর্বধলা উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচি চলবে রোববার (১১ অক্টোবর) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. সহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সরকারের এ জনকল্যাণমূলক কর্মসূচি তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাঁদের সর্বোচ্চ সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের ভিত্তিতেই কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।