মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’ প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক কৃষি শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাঃ মনিমুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী, সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সবুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক এবং বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের পৌর সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন ও অর্থনীতিতে কৃষি শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তাঁদের ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কৃষি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাঁদের মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম রব্বানী বলেন, ‘কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে।’ দেশের কৃষি ও অর্থনীতিকে সচল রাখতে কৃষি শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিকদের নিরাপদ ও উপযুক্ত কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মাওলানা আবুজার গিফারী কৃষি শ্রমিকদের ন্যায্য পাওনা ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি কৃষি ও অর্থনীতির উন্নয়নে শ্রমিকদের অবদানের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
সমাবেশে বক্তারা কৃষি শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের সময় অনলাইন