সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বর্তমান সিনিয়র সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ খান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর ব্রিজসংলগ্ন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের বাড়িতে শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মোস্তাক আহমদ খান। পরিদর্শনকালে দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন।
বক্তব্যে মোস্তাক আহমদ খান বলেন, “আমি আপনাদেরই মানুষ, আপনাদেরই প্রতিবেশী ও সন্তান। আপনাদের কাছের মানুষ হয়েই থাকতে চাই। সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে থাকতে চাই।”
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সদস্যসচিব মো. ইউছুপ চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সদস্য হাজী মুছা, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন আরব খান, পৌরসভা যুবদল নেতা জাহাঙ্গীর সোলতান আহমদ জিকু, স্বেচ্ছাসেবক দল নেতা আমির হোসেন জুয়েলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।