কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির কলমাকান্দা উপজেলা শাখার নেতৃত্বে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে জাতীয় ছাত্রশক্তির কলমাকান্দা উপজেলা শাখার নেতা মোহাম্মদ অনিক ইসলাম জুনায়েদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের দেশ। এ দেশের সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালন, ধর্মীয় স্বাধীনতা ভোগ এবং নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা ও অধিকার সবার।” কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ যেন সামাজিক ঐক্য ও সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখা সবার সম্মিলিত দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা এনসিপির আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালালউদ্দিন, সদস্যসচিব আহমদ শফী, যুগ্ম সদস্যসচিব রাসেল খান বিএসসি, উপজেলা এনসিপির সদস্য দেবেন্দ্র চন্দ্র দাস, নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এনসিপির সদস্যসচিব করিম হোসেন, খায়রুল ইসলাম ও আতিকুল ইসলাম।
এ ছাড়া কলমাকান্দা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নেতা মো. অনিক ইসলাম জুনায়েদসহ আকাশ, সিয়াম, মোজাহিদ, মেহেদী ও সাজ্জাদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলেমিশে বসবাস করলেই সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।