মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি | ভোরের সময় অনলাইন
নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাজা মাইনুদ্দিন মানিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত খাজা মাইনুদ্দিন মানিক সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামের আলতাফ আলী পণ্ডিত বাড়ির শেখ শফির বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাতাকান্দি গ্রামের নজির মাস্টারের ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, এ বিষয়ে আশপাশের লোকজনকে আগে থেকে সতর্ক করা হয়নি। শুক্রবার গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মাইনুদ্দিন মানিক। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, কৃষিজমিতে ইঁদুর নিধনের জন্য অনিরাপদভাবে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। এ ধরনের ফাঁদ ব্যবহারের আগে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা এবং আশপাশের মানুষকে সতর্ক করা জরুরি।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা কৃষিজমিতে অনিরাপদ বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
কৃষিজমিতে ইঁদুর নিধনের উদ্দেশ্যে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের কারণে যেন আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।