পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, অংশ নিল শিক্ষার্থীরা - bhorershomoyonline.com.bd পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, অংশ নিল শিক্ষার্থীরা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, অংশ নিল শিক্ষার্থীরা


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে নেত্রকোনার পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।

কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মাঠে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।

মহড়ায় আগুন নেভানো, গ্যাসের সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, প্রতিবছর বিভিন্ন দুর্যোগে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হন। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে মানুষকে সচেতন করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের এ ধরনের মহড়ার মাধ্যমে বাস্তব ধারণা দেওয়া গেলে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারবে।

সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে মানুষকে ধারণা দেওয়াই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ঘর ও পরিবার থেকেই শুরু করতে হবে। সম্মিলিত উদ্যোগে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতন করে তোলাও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান এবং পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়বে। পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে তারা ভূমিকা রাখতে পারবে।