খুলনায় ডেঙ্গু ও সন্দেহজনক হামে দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৯ - bhorershomoyonline.com.bd খুলনায় ডেঙ্গু ও সন্দেহজনক হামে দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৯

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনায় ডেঙ্গু ও সন্দেহজনক হামে দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৪৯ ও সন্দেহজনক হামে ১০০ রোগী ভর্তি; চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৩৪, সন্দেহজনক হামে ৪২

মো. আল-মাহফুজ শাওন, খুলনা :

খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৯ জন এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এসব তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পৃথক স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ৩১৩ জন এবং বেসরকারি ক্লিনিকে ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে খুলনা জেলায় সর্বোচ্চ ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় ৩৮৯ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৯৩ জন।

এদিকে খুলনা বিভাগে সন্দেহজনক হামের রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৮৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে খুলনায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ল্যাবরেটরি পরীক্ষায় এ পর্যন্ত ৩৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত খুলনা বিভাগে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

ডেঙ্গু ও সন্দেহজনক হামের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ।