জনগণের ভোগান্তি নিরসনে ঢাকা-চট্টগ্রাম লং মার্চে এনসিপি

দ্রব্যমূল্য, জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা।

নিজস্ব প্রতিবেদক: জনগণের ভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৫ সেপ্টেম্বর এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও গণভোটের রায় বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সারের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে।

আখতার হোসেনের দাবি, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে এবং কৃষকেরা সার সংকটে পড়ছেন। গ্যাস সংকটে শিল্প-কারখানাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই ও রাহাজানির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জনগণের এসব দাবি সংসদে তুলে ধরা হলেও সরকারের পক্ষ থেকে তা যথাযথভাবে আমলে নেওয়া হচ্ছে না। তাই জনগণের ভোগান্তির কথা তুলে ধরতে ১১ দলীয় ঐক্য দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারকে জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, প্রয়োজনীয় সংস্কার ও জনগণের দাবি বাস্তবায়নে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Post a Comment

0 Comments