ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে ডগ স্কোয়াডসহ একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়।
বিজিবি জানায়, সীমান্ত মেইন পিলার-১৮৪ থেকে আনুমানিক সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট মধ্যবাজারের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. আতাউর রহমান (৫০), পিতা মৃত সমশের আলী এবং মো. নুরুল ইসলাম বাবু (৪২), পিতা মৃত তোফাজ্জল হক। তাদের উভয়ের বাড়ি শিবগঞ্জ থানার রসুলপুর গ্রামে।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। অভিযানে জব্দ করা ৯ গ্রাম হেরোইন পরবর্তীতে ধ্বংস করা হয়।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।