মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনায় ৩ এপিবিএনের অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৮৯টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জিডির ভিত্তিতে এক ভিকটিমকেও উদ্ধার করেছে ইউনিটটি।
৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় গঠিত সাইবার ক্রাইম ইউনিটটি হারানো মোবাইল ফোন উদ্ধার, অনলাইন ও ফেসবুক প্রতারণা প্রতিরোধসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করে আসছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ক্ষেত্রেও ইউনিটটি অভিযান পরিচালনা করছে।
অধিনায়কের নির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী এবং সহকারী পুলিশ সুপার মো. আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন ও প্রতারণার অর্থ উদ্ধার করে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন।
এ সময় তিনি বলেন, জনসাধারণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পাওয়া গেলে সাইবার অপরাধসহ বিভিন্ন ঘটনায় আরও বেশি ভুক্তভোগীকে আইনি সহায়তা প্রদান করা সম্ভব হবে। তিনি সবাইকে অনলাইন প্রতারণার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।