মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে হয়রানি ও জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ইমাম সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. উমর ফারুকের নেতৃত্বে সেক্রেটারি কারী মাওলানা মো. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী মাওলানা মো. আইয়ুব আলী খানসহ শতাধিক ইমাম ও আলেম অংশ নেন।
স্মারকলিপিতে ইমাম সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জুমার খুতবাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়ে রানীহাটি ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে হেনস্তা ও অপদস্ত করা হয়েছে। একপর্যায়ে মসজিদ কমিটির মাধ্যমে তাঁর কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
সমিতির নেতৃবৃন্দের অভিযোগ, রাজনৈতিক কারণে ‘হক কথা বলার’ জেরে ইমামকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন ইমাম সত্য ও ন্যায়ের কথা বলার কারণে অপদস্ত, বাধাগ্রস্ত বা আঘাতের শিকার হবেন—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, আগামী শুক্রবারের মধ্যে মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে পুনরায় মসজিদে নামাজ পড়ানোর ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
স্মারকলিপিতে অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ইমামদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।