মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় এবং মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলাহাটের সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২৫ জন বেকার যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ চলাকালে বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বৈদ্যুতিক সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি শনাক্ত ও নিরসন এবং নিরাপদভাবে বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ উদ্বোধনের প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ এবং সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।
ভোলাহাটের আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সহযোগিতা করছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিভাগের দুইজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিত প্রশিক্ষণার্থীদের ক্লাস পরিচালনা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।