দশমবার সভাপতি গোলাম মোস্তফা মন্টু, দ্বিতীয়বার সাধারণ সম্পাদকের দায়িত্বে ফয়সাল মাহমুদ; দুই বছরের জন্য নতুন কমিটি
বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। আগামী দুই বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল সহ-সভাপতি, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক এবং আলোকিত গৌড়ের সম্পাদক মো. আব্দুল্লাহ কোষাধ্যক্ষ।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, মাহবুবুর রহমান মিন্টু এবং আমার সংবাদের আজিজুর রহমান শিশির।
গোলাম মোস্তফা মন্টু এ নিয়ে দশমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হলেন। অন্যদিকে তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।
নির্বাচিত হওয়ার পর এক যৌথ বিবৃতিতে সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, জেলায় সাংবাদিকতায় সুষ্ঠু ও সুন্দর ধারা ফিরিয়ে আনতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও স্বার্থ রক্ষায় তারা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।