আগামী ১ নভেম্বর পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে জমকালো আয়োজন; শিল্পের অর্জন, অবদান ও উদ্যোক্তাদের সাফল্য উদ্যাপন করবে বিসিএ
টানা ১৯ বছর ধরে আয়োজিত এ পুরস্কার অনুষ্ঠান ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের সাফল্য ও অর্জনকে স্বীকৃতি দিয়ে আসছে। সময়ের সঙ্গে এটি যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। অনুষ্ঠানে রেস্টুরেন্ট ও হসপিটালিটি পেশাজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, কমিউনিটি প্রতিনিধি, রাজনীতিক, বিশিষ্ট অতিথি ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের কথা রয়েছে।
এবারের আয়োজনের মূল লক্ষ্য হলো যুক্তরাজ্যের হসপিটালিটি শিল্পে নিষ্ঠা, অধ্যবসায়, উদ্যোক্তা মনোভাব ও পেশাদারিত্বের মাধ্যমে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানানো।
বিসিএ জানিয়েছে, ১৯তম বছরে পদার্পণ সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পুরস্কার আয়োজনের মাধ্যমে শুধু ব্যক্তিগত ও ব্যবসায়িক সাফল্য নয়, ব্রিটিশ অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে বাংলাদেশি রেস্টুরেন্ট ও হসপিটালিটি ব্যবসার দীর্ঘদিনের অবদানও তুলে ধরা হবে।
প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশি রেস্টুরেন্ট ও হসপিটালিটি ব্যবসাগুলো যুক্তরাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় কমিউনিটিতে অবদান এবং দক্ষিণ এশীয় খাবার ও সংস্কৃতির প্রসারে ভূমিকা রেখে আসছে। এবারের আয়োজনেও এসব অর্জনের পাশাপাশি শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানের প্রস্তুতি ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছে অ্যাওয়ার্ডস ও নৈশভোজ কমিটি। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আতিক রহমান বিইএম।
বিসিএ প্রেসিডেন্ট অলি খাঁন এমবিই বলেন, ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস সংগঠন ও সংশ্লিষ্ট শিল্পের জন্য একটি গর্বের মুহূর্ত। এ আয়োজনের মাধ্যমে শিল্পের সঙ্গে যুক্ত মানুষের নিষ্ঠা, উদ্যোগ ও অবদানকে সম্মান জানানো হবে।
বিসিএ সেক্রেটারি জেনারেল টিপু রহমান বলেন, বিসিএ অ্যাওয়ার্ডস শিল্পে শ্রেষ্ঠত্ব উদ্যাপনের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন। এর মাধ্যমে সদস্যদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের হসপিটালিটি পেশাজীবী ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার সুযোগ তৈরি হবে।
বিসিএ চিফ ট্রেজারার এম ফয়জুল হক বলেন, অ্যাওয়ার্ডসের ধারাবাহিক সাফল্য শিল্পের শক্তি, ঐক্য ও দৃঢ়তার প্রতিফলন। যারা সফল ব্যবসা গড়ে তোলা এবং কমিউনিটির জন্য ইতিবাচক অবদানে কাজ করছেন, তাদের সম্মান জানানো হবে।
বিসিএ প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি নাজ ইসলাম বলেন, বিসিএ অ্যাওয়ার্ডস সদস্য ও বৃহত্তর ব্রিটিশ বাংলাদেশি হসপিটালিটি শিল্পের অর্জন ও অবদান তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কঠোর পরিশ্রমের মাধ্যমে শিল্পকে এগিয়ে নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সম্মান জানাতে এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।
বিসিএর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা থেকে শুরু করে শেফ, ম্যানেজার, কর্মী এবং উদীয়মান ব্যবসায়ী নেতৃবৃন্দ—হসপিটালিটি শিল্পের বিভিন্ন পর্যায়ে অবদান রাখা ব্যক্তিদের সাফল্য এ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে।
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) যুক্তরাজ্যের বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের স্বার্থ ও অধিকার নিয়ে কাজ করে। অ্যাডভোকেসি, প্রতিনিধিত্ব, নেটওয়ার্কিং ও শিল্পসংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সদস্যদের সহযোগিতার পাশাপাশি যুক্তরাজ্যের সমাজ ও অর্থনীতিতে এ শিল্পের অবদান তুলে ধরছে।