মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে অভিনব কায়দায় গ্যাসের চুলার পাইপের ভেতরে লুকিয়ে পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল। এ ঘটনায় আমিন হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি কক্সবাজারভিত্তিক একটি মাদক পাচারকারী চক্রের মূলহোতা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় ফেনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে ডিএনসি নোয়াখালীর একটি দল এবং এসআরবি-১১ সিপিসি-৩ নোয়াখালীর সদস্যরা সেবারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন। পরে এসআরবি-৭ সিপিসি-১ ফেনীর সহযোগিতায় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী ‘বাঁধন পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে আমিন হোসেনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের মালামাল বহনকারী বক্স থেকে স্টেইনলেস স্টিলের তৈরি একটি গ্যাসের চুলা উদ্ধার করা হয়। স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারীর সহায়তায় চুলাটির পাইপ পরীক্ষা করে ঝালাই করা অবস্থায় লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার আমিন হোসেন নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের মৃত আনোয়ার উল্যাহর ছেলে বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদক পাচার ও সরবরাহ বন্ধে ডিএনসি এবং এসআরবির যৌথ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সেনবাগ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।