মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে পরিত্যক্ত নির্মাণাধীন একটি ইটের ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা ১১টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকাজের সময় একটি বস্তু বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রানীহাটি ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের সামনে জামতলা চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে জনৈক মো. জাহাঙ্গীরের পরিত্যক্ত নির্মাণাধীন ইটের ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা কালো রঙের প্লাস্টিকের বালতি থেকে লাল ও কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। উদ্ধার করা বস্তুগুলো হেফাজতে নেওয়ার সময় একটি বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে একই স্থানে আরও তল্লাশি চালিয়ে বিকেল ৪টার দিকে মাটির নিচে পুঁতে রাখা লাল রঙের প্লাস্টিকের বালতির ভেতর থেকে আরও সাতটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর মধ্যে ছয়টি লাল স্কচটেপ ও একটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থল থেকে মোট ১১টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এসব বস্তু সেখানে কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং এসব ককটেল সদৃশ বস্তু মজুদের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।