অন্যান্য রুটে আগের ভাড়াই বহাল, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া; ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট ছাড়া গাড়িতে ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা)-এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর আহমদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলাল, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন রুটের সিএনজি অটোরিকশার চালক, মালিক ও সমিতির প্রতিনিধিরাও সভায় অংশ নেন। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিএনজি চালক ও সাধারণ যাত্রীসহ প্রায় দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে পাঁচটি নির্ধারিত স্টেশনের ভাড়া ৫ টাকা বাড়ানো এবং অন্যান্য স্টেশনের ভাড়া পূর্বের মতো বহাল রাখার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা এবং ইউএনও অফিস থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত অথবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে বলা হয়। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট ছাড়া চলাচলকারী গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন ও দায়িত্বশীল আচরণ করার জন্য চালকদের নির্দেশনা দেওয়া হয়। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সভায় গৃহীত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
নির্ধারিত ভাড়া ও সভায় গৃহীত সিদ্ধান্তগুলো চালক ও যাত্রীদের মধ্যে প্রচারের জন্য মালিক-শ্রমিক সমিতি এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় অংশ নেওয়া বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বোয়ালখালীতে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।