বাড়িতে এসআরবি-৫ এর অভিযান, পালিয়ে গেলেন আরও এক ব্যক্তি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মো. মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় মো. আল-মামুন (৪০) নামে আরও এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ থানাধীন ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার ৭ নম্বর শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওমরপুর হঠাৎপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালায়। তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির সামনে খড় রাখার ঘরের ভেতর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, পলাতক আল-মামুনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে শিবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে পলাতক আল-মামুনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।