বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন নিশ্চিত ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬–২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। এতে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রুমন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ এবং উপজেলা মৎস্য অফিসার নাঈম হাসান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন। মৎস্যসম্পদ রক্ষায় জলাশয় দূষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উপজেলা মৎস্য অফিসার নাঈম হাসান জানান, উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম, উপজেলা বিএনপি নেতা হাজী মো. ইসহাক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, বিএনপি নেতা নুরুল করিম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের ফলে মাছের প্রাপ্যতা বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।